এনসিপির উপজেলা ও পৌরসভার প্রাথমিকভাবে প্রার্থী যারা
আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রথম ধাপে পাঁচ সিটিতে মেয়রপ্রার্থী ঘোষণার পর এবার প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।সিলেট বিভাগের একটি পৌরসভা ও ৮টি উপজেলার প্রার্থী ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে। বর্তমানে দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী হতে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী মে’র মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা ছাড়াও অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও এনসিপির মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধে জড়িতদের সুযোগ দেওয়া হবে না।
সিলেট বিভাগের একটি পৌরসভার ও ৮টি উপজেলার প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা — কামাল আহমেদ, হবিগঞ্জ সদর পৌরসভা — মাহবুল বারি চৌধুরী মুহিব, রাজনগর উপজেলা — খালেদ হাসান, কুলাউড়া উপজেলা — আবু রুকিয়ান, কোম্পানীগঞ্জ উপজেলা — উবায়দ আহমদ, কানাইঘাট উপজেলা — বুরহান উদ্দিন ইউসুফ, ওসমানীনগর উপজেলা — হাজি মোহাম্মদ মোশাহিদ আলী, জৈন্তাপুর উপজেলা — মোঃ জাকারিয়া (লোদেন), গোয়াইনঘাট উপজেলা — মনসুরুল হাসান নগরী





